সড়ক দুর্ঘটনায় নিহত বিপুলের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক ইত্তেফাকের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সংবাদদাতা শফিউল আলম ওরফে বিপুলের (৩৫) দাফন রবিবার দুপুরে তার নিজ গ্রামে (বর্শন গ্রাম) সম্পন্ন হয়েছে।
 
রবিবার বেলা ১১টায় ‘বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে  নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্না, দৈনিক ইত্তেফাকের বগুড়া জেলা প্রতিনিধি জি.এম সজল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন, দৈনিক ইত্তেফাকের কাহালু উপজেলা সংবাদদাতা আব্দুস ছালেক তোতা, ভাটগ্রাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালামসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। 
 
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্শন গ্রামের মোকছেদ আলীর পুত্র ও দৈনিক ইত্তেফাকের তরুণ সংবাদদাতা বিপুল গত শনিবার বিকেলে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বীজরুল এলাকায় নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে বীজরুল হাসপাতাল ভর্তি করার পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজে আনার পথে মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।