বগুড়ার নন্দীগ্রামের দুই গৃহবধূকে অপহরণ ও পালাক্রমে ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুল মান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নন্দীগ্রাম উপজেলার সোলায়মান আলী মণ্ডল, মহির উদ্দিন, আয়নাল ও মোজাহার আলী। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি নরেশ চন্দ্র জানান, নন্দীগ্রামের নামুইট গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করতেন আসামিরা। ২০০১ সালের ২৯ নভেম্বর রাতে গৃহবধূ বেড়াতে আসা ভাবিকে নিয়ে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে আসামিরা তাদের অপহরণ করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির চারজনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।