২৫ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

রংপুরের মিঠাপুকুরে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহত নাজমা আক্তার নামে এক গৃহবধূর লাশ দাফনের ২৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
 
রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা মেহনাজের উপস্থিতিতে পুলিশ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর রশীদ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন রেজা, লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মণ্ডলসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
 
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামে সৈকত মিয়া নামে এক ব্যক্তি শিয়ালের উপদ্রব থেকে মুরগি রক্ষায় খামারের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। গত ২৫ মে ওই গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (২৮) হাঁসের বাচ্চা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অসাবধানতাবশত মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে হাত আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমা আক্তার মারা যান। পরে প্রভাবশালীদের মধ্যস্থতায় নিহতের পরিবারকে ম্যানেজ করে পুলিশকে না জানিয়ে লাশ দাফন করা হয়।
 
এ ঘটনায় মিঠাপুকুর থানার উপপরিদর্শক আছের আলী বাদী হয়ে সৈকত মিয়াসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন রেজা জানান, আদালত নাজমার মৃত্যুর কারণ জানতে লাশ উত্তোলনের জন্য নির্দেশ দেন। এই নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।