মির্জাপুরে ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকচাপায় পুলিশের এএসআই মো.তৌফিকুর রহমান (৪৫) নিহত হয়েছেন। 
 
রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্কয়ার ক্যাডেট কলেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তৌফিকুর রহমান মির্জাপুর উপজেলার দাঁতপাড়া গ্রামের মৃত মো.আহাদ আলীর ছেলে।
 
মির্জাপুর থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, তিনি সিলেট জেলার কোতয়ালী মডেল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। রবিবার ছুটিতে তিনি মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। রাত সাড়ে সাতটার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ স্কয়ার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশের সহযোগিতায় রাতে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।