মুন্সীগঞ্জ জেলায় ককটেলের বিস্ফোরণে আট বছর বয়সী এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সাগর (৮) মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের ওসমানের ছেলে।
জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ ইসলামপুর যুব উন্নয়ন অধিদফতরের সামনে একটি খালি জায়গায় কয়েকজন শিশু টেপ মোড়ানো টেনিস বল দিয়ে খেলছিল। এ সময় বলটি নর্দমার পাশে দেখতে ঝোপের মত একটি জায়গায় পড়ে যায়। সেখানে গিয়ে সাগর বল সদৃশ্য টেপ মোড়ানো ককটেলটি হাতে নিতেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।