বেসিক ব্যাংকের সাবেক ডিএমডির জামিনে হাইকোর্টের রুল

 
সাড়ে ৪৮ কোটি টাকা আত্মসাতের মামলায় বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি ফজলুস সোবহানকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 
সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করে।
 
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
 
গত ১১ এপ্রিল ফজলুস সোবহানকে জামিন দেননি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। পরে তার আইনজীবী আবেদনটি ওই বেঞ্চ থেকে ফেরত নিয়ে যান। এরপর অবকাশকালীন বেঞ্চে এ জামিনের আবেদন জানানো হয়।
 
বেসিক ব্যাংকের ৪৮ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক একেএম ফজলে হোসেন।