নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি বাদে সব মামলায় জামিন হয়েছে।
ওই মামলায় জামিন আবেদনও করেছে বিএনপির সিনিয়র নেতা। এ মামলায় জামিন হলেই তার মুক্তিতে বাধা থাকবে না বলে জানিয়েছে আইনজীবীরা।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলাটি শুনানির জন্য ১১৭ নাম্বার তালিকায় ছিল। কিন্তু সোমবার এ মামলার শুনানি হয়নি।
আগামীকাল মঙ্গলবার এটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। জামিন পেলেই তার মুক্তিতে বাধা থাকবে না বলে জানান তিনি।
সম্প্রতি হাইকোর্ট থেকে পর পর দুই ধাপে ১৬ মামলায় জামিন নেন সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী। এর আগে গত ৩১ মে ও ৯ জুন এ সকল মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মোট ২৮টি নাশকতার মামলার আসামি। এ নিয়ে ২৭টিতে জামিন পেলেন তিনি।