বাগেরহাটে মাদকাসক্ত অবস্থায় মাকে হত্যার দায়ে সৎ-ছেলে ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সকালে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত. মোকসেদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকাল চারটার দিকে মাদকাসক্ত অবস্থায় সৎ-ছেলে ফারুক শেখ মা হাসিনা বেগমকে(৫০) কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ফারুক শেখকে ধরে সদর থানা পুলিশে সোপর্দ করে। পরের দিন নিহতের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ফারুক হত্যা করার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বাগেরহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সৎ-ছেলে ফারুক শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে অভিযোগ আমলে নিয়ে চার্জসিট গঠন করে। মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।