প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরের প্রথম সেঞ্চুরি পেলেন প্রাইম দোলেশ্বরের রকিবুল হাসান। সোমবার সুপার লিগের চতুর্থ রাউন্ডের খেলায় ভিক্টোরিয়ার বিপক্ষে ৯৬ বলে ১০০ রান করেন তিনি।
এর আগে গত সোমবার মোহামেডানের বিপক্ষে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে লিগের সর্বোচ্চ স্কোরার এখন তিনি। ১৫ ম্যাচে এক সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে ৬৫৩ রান সংগ্রহ করেছেন তিনি। পেছনে ফেলেছেন ৬৫২ রান করা ভিক্টোরিয়ার আব্দুল মজিদকে। যদিও দ্বিতীয় ইনিংসে মজিদ নিশ্চয়ই রকিবুলকে টপকে যাবেন!
এদিন সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ৯৫ বলে ১০টি চারে সাহায্যে সেঞ্চুরি করেন তিনি। এনামুল হক জুনিয়রের পরের বলেই অবশ্য ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান।
রকিবুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় শিরোপার রেসে থাকা প্রাইম দোলেশ্বর। ৫০ ওভারের ৫ উইকেটে হারিয়ে ৩৩৩ রানের পাহাড় গড়ে তারা।