রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ তরুণীর মৃত্যু

 
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে ভাটারার নতুন বাজার এলাকায় বাসচাপায় ঝর্ণা আক্তার নামে (২৭) আরেক তরুণী নিহত হয়েছেন।
 
ঢাকা রেলপথ থানার ওসি আব্দুল মজিদ জানান, সকাল নয়টার দিকে কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের নিচে কাটা পড়েন আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণী। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। পায়ে সবুজ রঙের স্যান্ডেল। ট্রেনে কাটা পড়ে তার বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

এদিকে নতুন বাজার এলাকায় বাসচাপায় মারা গেছেন গৃহকর্মী ঝর্ণা আক্তার। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় তুরাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা জানান, আরও আগেই তার মৃত্যু হয়েছে। ঝর্ণা নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামীর নাম ইব্রাহিম মিয়া। গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশখালি উপজেলায়। গতকাল সকালে তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।