কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন রুবেল

আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় ‍চুক্তিতে ফিরলেন পেসার রুবেল হোসেন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করে বিসিবি। 
 
গত ২২ ফেব্রুয়ারি বিসিবির এক সভা শেষে সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, নতুন কেন্দ্রীয় চুক্তিতে আপাতত রাখা হয়নি রুবেলকে। কারণ হিসেবে তিনি বলেন, চোট পুনর্বাসনের নির্দেশনা অনুসরণ না করায় তখন তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বোর্ড।
 
চোটের জন্য গত বছরের জুলাইয়ের পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন এই পেসার। চোট কাটিয়ে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। সেখানে প্রাইম ব্যাংকের হয়ে দারুণ খেলছেন জাতীয় দলের এই পেসার।
সবকিছু মিলেই আবার জাতীয় দলে ফিরছেন রুবেল হোসেন।