খুলনার ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সফিকুল ও দেলোয়ার নামে ২ দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে দালালদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দালালদের উৎপাতে ইন্ডিয়ান ভিসা অফিসের সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সফিকুল ও দেলোয়ার নামে দুই দালালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়।
অপরদিকে, নগরীর তিনটি ইজিবাইক শোরুম ও কারখানাকে অবৈধভাবে ইজিবাইক তৈরির পার্টস সংযোজনের জন্য ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ফ্রেস ট্রেড বিডিকে ৫ হাজার টাকা, জেআর ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও বিফাইন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এ প্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় পরবর্তীতে সিলগালা করে মালামাল জব্দ করা হবে মর্মে জানিয়ে দেয়া হয়।
অভিযানে বিআরটিএ খুলনার ইন্সপেক্টর সাইফুর রহমান, মেট্রোপলিটন পুলিশ ও আর্মস পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।