ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভিক্টোরিয়ার বোলারদের উপর। টসে হেরে ব্যাট করতে নেমে রকিবুলের সেঞ্চুরির পর ফতুল্লায় আগত দর্শকরা নাসিরের ব্যাটিং ঝড় দেখেছে। ৪২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন জাতীয় দলের নাসির হোসেন।
তার নেয়া ১৭৬ স্ট্রাইক রেটে ৭৪ রানে ৩৩৩ রানের বড় পুঁজি সংগ্রহ করে দোলেশ্বর। যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের চতুর্থ ও চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
নাসিরের অপরাজিত ৭৪ রানের ইনিংসের আগে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রকিবুল হাসান সেঞ্চুরির দেখা পান। তিনি ৯৬ বলে ১০ চারের সাহায্যে ১০০ রানের ইনিংসটিকে সাজিয়েছেন। এছাড়া দোলেশ্বরের বিদেশি ক্রিকেটার শচীন বেবি ৬৪ রানের ইনিংস খেলেন।