তিন ঘণ্টা পর হানিফ ফ্লাইওভারে যান চলাচল শুরু

 
ঢাকার গুলিস্তানে পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় দখল নিয়ে বিরোধের জের ধরে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খুলেছে মেয়র হানিফ ফ্লাইওভার। সোমবার দুপুরে সংঘর্ষের পর পরিবহন শ্রমিকরা ওই ফ্লাইওভারে বাস আড়াআড়ি রেখে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
এতে রোজায় প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বেলা তিনটার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক- সাউথ) মফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত অপারেটর ফজলুল হক বলেন, ‘চলাচল শুরু হলেও গাড়ির চাপ অস্বাভাবিক। খুবই ধীরে চলছে গাড়ি।’
 

বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের দখল নিয়ে শ্রমিকদের দুপক্ষের মধ্যে দুপুর ১২টার দিকে সংঘর্ষ বাঁধে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান। এরপর শ্রমিকরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে আড়াআড়ি করে বাস রেখে পথ আটকে দেয়। ফলে গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর পথে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।