রামকৃষ্ণ মিশনে বিএনপির প্রতিনিধিদল

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন, রামকৃষ্ণ মিশনে হুমকি মানে সারা দেশের বিরুদ্ধে হুমকি। বিএনপি ধর্মীয় উগ্রবাদের বিপক্ষে।
 
হুমকি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেন,এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্লেইম গেইম’ না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
মিশনের গুরু স্বামী গুরুসেবানন্দ (মৃদুল মহারাজ) জানান, দু’একদিন আগে কথিত আইএসের চিঠির মাধ্যমে মিশনকে হুমকি দেয়া হয়েছে। বিএনপির প্রতিনিধি দল আসায় সন্তোষ প্রকাশ করেন স্বামী গুরুসেবানন্দ। সাবেক সেনাপ্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আসায় তারা আশ্বস্ত বলেও জানান মিশনের ধর্মগুরু।
 
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।