দায়িত্ব ছাড়ছেন বিসিবির প্রধান নির্বাচক

বিসিবির ‘বিতর্কিত’ নির্বাচক কমিটির প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নির্বাচক কমিটির ‘প্রচলিত ও প্রমাণিত’ কাঠামো বদলে ফেলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে থাকা সাবেক এই অধিনায়ক জানান, দেশে ফিরলেই জমা দেবেন পদত্যাগপত্র।
 
গত কিছু দিনের তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই রবিবার বিসিবি সভায় অনুমোদন দেওয়া হয়েছে দুই স্তরের নির্বাচক কমিটি। যুক্তরাষ্ট্রে সেই খবর জানতে পেরেছেন ফারুক আহমেদ।
 
বিদেশে যাওয়ার আগেই ঘনিষ্ঠজনদের প্রধান নির্বাচক জানিয়েছিলেন, নতুন কাঠামো চালু হলে থাকবেন না দায়িত্বে। রোববার রাতে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করলেন দায়িত্ব ছাড়ার খবর।
 
তিনি বলেন, ‘এই কাঠামোয় আমার পক্ষে কাজ করার সম্ভব হবে না। নির্বাচকদের কাজ হওয়া উচিত স্বাধীন; কিন্তু এখানে সেই স্বাধীনতাই থাকবে না। আমরা দল নির্বাচন করার পর যদি সেটি নিয়ে আরেকটি কমিটির কাছে যেতে হয়, তাহলে আমাদের বিচারের মূল্য থাকে না।’
 
নতুন কাঠামো অনুযায়ী ফারুকদের নির্বাচক কমিটির নাম হয়ে যাচ্ছে নির্বাচক প্যানেল। আরেকটি থাকছে নির্বাচক কমিটি, যেটির আহবায়ক ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। এখানে থাকবেন জাতীয় দলের কোচ ও ম্যানেজার, সঙ্গে নির্বাচক প্যানেলের তিন জন।
 
ফারুক জানালেন, তার এই পদক্ষেপ শুধু নিজ সম্মানের কারণে নয়, প্রচলিত, প্রমাণিত ও সফল একটি সিস্টেম বদলে ফেলার প্রতিবাদে।
 
২০১৩ সালের ডিসেম্বরে এই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক। এর আগে দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। দুই মেয়াদে উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা।