বোলারদের নৈপুণ্যে সিরিজে সমতা ভারতের

অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার বারিন্দার স্রান ও জসপ্রিত বুমরাহ’র দুর্দান্ত বোলিং নৈপুন্যে টুয়েন্টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারালো ভারত।
টি-২০ তে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে সমতা আনলো সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচ ২ রানে জিতেছিলো স্বাগতিক জিম্বাবুয়ে। সোমবার হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় জিম্বাবুয়ে।
শুরু থেকেই ভারতীয় পেসার স্রানের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। ২৬ রানের মধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফিরিয়ে দেন স্রান চামু চিবাবা ও হ্যামিল্টন মাসাকাদজা ১০ রান করে করেন।
 
দুই ওপেনারকে ফেরানোর পর মিডল-অর্ডারে সিকান্দার রাজা ও তিনোতেন্ডা মুতমবডজিকেও ফেরান স্রান ফলে ৪ উইকেটে ২৮ রানে পরিণত হয় জিম্বাবুয়ে। এই ধাক্কা পরবর্তীতে আর সামাল দিয়ে উঠতে পারেনি তারা। 
 
কারণ এরপর জিম্বাবুয়েকে একশ’র নিচে আটকে রাখেন বুমরাহ। ২০ ওভারে ৯ উইকেট ৯৯ রান করতে সমর্থ হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে পিটার মুর সর্বোচ্চ ৩১ রান করেন। ভারতের স্রান ১০ রানে ৪ ও বুমরাহ ১১ রানে ৩ উইকেট নেন।
 
জবাবে দুই ওপেনার লোকেশ রাহুল ও মনদিপ সিং অনবদ্য জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে মারমুখী মেজাজে ব্যাট চালান দু’জনে। ফলে ১৩.১ ওভারে বিনা উইকেটে ১০৩ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। রাহুল ৪৭ ও মনদিপ ৫২ রানে অপরাজিত থাকেন। রাহুলের ৪০ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কা ছিলো। ৪০ বল মোকাবেলা করেছেন মনদিপও। তার ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কার মার ছিলো। ক্যারিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচেই হাফ-সেঞ্চুরির দেখা পেলেন মনদিপ। ম্যাচের সেরা হয়েছেন ভারতের বারিন্দার স্রান।
 
আগামী ২২ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।