সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর তার এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন আলবেনিয়ার অখ্যাত স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে।
ইউরোয় এখন পর্যন্ত অনুজ্জ্বল পর্তুগিজ তারকার জ্বলে না ওঠার কারণ খুঁজে পেয়েছেন বড় কোনো প্রতিযোগিতায় আলবেনিয়ার প্রথম জয়ের নায়ক সাদিকু। তার মতে, রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নায়ক ক্লান্তির কারণেই নিজেকে মেলে ধরতে পারছেন না।
নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে এমনিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। এরপর আবার প্রথমবারের মতো ইউরোয় খেলতে আসা দলটির সমালোচনা করে ক্ষোভের মুখে পড়েন। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রয়োজনীয় মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে তিনবারের বর্ষসেরা এই ফুটবলারের।
পরিসংখ্যানের আলোয় ফ্রান্সে চলা এবারের ইউরোর সবচেয়ে বড় তারকা রোনালদো। অন্যদিকে, রবিবারের আগে সাদিকুকে ফুটবল বিশ্বের কতজনই বা চিনত। কিন্তু এক দিনের ব্যবধানে আলোচনায় উঠে এসেছেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। এবারের ইউরোয় গোল করার হিসেবে তো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন তিনি।
রোমানিয়ার বিপক্ষে দলকে ইতিহাস গড়া জয় এনে দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদিকু বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়, তিনি আমার আদর্শ। অস্ট্রিয়ার বিপক্ষে রোনালদোর সাদামাটা পারফরম্যান্স প্রসঙ্গে সাদিকু বলেন, “ঠিক আছে, শনিবার তিনি খুব একটা ভালো খেলেননি। আমি মনে করি, তিনি কিছুটা ক্লান্ত। তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, গত মৌসুমে (রিয়ালের হয়ে) ৫০ ম্যাচ খেলেছেন। গোল.কম।