৭ খুন : সাক্ষ্য দিলেন ৩ র‌্যাব কর্মকর্তা

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় র‌্যাব-১১-এর তৎকালীন ৩ কর্মকর্তা আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
 
সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক ডিএডি (প্রশাসন) আতিয়ার রহমান (বর্তমানে ময়মনসিংহ সেনা নিবাসে কর্মরত), র‌্যাব-১১-এর আদমজীস্থ প্রধান কার্যালয়ের ডিএডি (প্রশাসন) সেলিম খান (বর্তমানে র‌্যাব-১ উত্তরায় কর্মরত) এবং একই কার্যালয়ের সাবেক হাবিলদার আবদুস সাত্তার (বর্তমানে রাজশাহীতে অবস্থিত র‌্যাব-৫ এর ডিএডি) সাক্ষ্য প্রদান করেন। আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আগামী ২৭ জুন।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ৬ জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন ১ মে আরো একজনের লাশ একই স্থান থেকে উদ্ধার করা হয়।
 
ওই ঘটনায় নিহত নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।