আলী রেজা ইফতেখার আরো তিন বছরের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন। বেসরকারি খাতের এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ আলী রেজা ইফতেখারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদের মেয়াদ বাড়ানো হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলী রেজা ইফতেখার ২০০৪ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে ইবিএলে যোগ দেন এবং ২০০৭ সালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। ব্যাংক খাতে ৩০ বছরের অভিজ্ঞ ইফতেখার ১৯৮৫ সাল থেকে স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক ইন্দো-সুয়েজ ও এবি ব্যাংক।
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান এইচআর লিডারশিপ অ্যাওয়ার্ড কর্তৃক ‘সিইও অব দ্য ইয়ার-২০১২’ হন তিনি। আলী রেজা ইফতেখার ২০১২ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের অধীনে লিডারশিপ ইন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন প্রোগ্রাম ২০১৩ সালে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামে অংশ নেন।