অগ্রণী ব্যাংকের সাবেক দুই পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

অগ্রণী ব্যাংক লিমিডেটের সাবেক দুই পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
 
সোমবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা বেনজির আহম্মদ তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ দুই কর্মকর্তা হলেন, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক রণজিৎ কুমার চক্রবর্তী ও এ কে এম মঞ্জুরুল হক লাভলু।
 
গত ১৫ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের ১৪ সদস্যসহ ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এর মধ্যে সোমবার শাহজাদা মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তিনি দেশের বাইরে থাকার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেছেন।
 
দুদক সূত্র জানায়, মিজানুর রহমান তার মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস মেসার্স মুন বাংলাদেশ লিমিটেড ও মেসার্স এম আর ট্রেডিংয়ের নামে ভুয়া জামানত বন্ধক রেখে ২৭০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। যদিও কাগজপত্রে তিনি ৮১০ কোটি টাকার জামানত দেখিয়েছেন। অভিযোগ রয়েছে, যে নথিপত্র জামানত হিসেবে রেখেছেন, তা সবই জাল। সূত্র আরো জানায়, মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেসের অনুকূলে ৪৯ কোটি টাকা, মেসার্স মুন বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ১৪১ কোটি টাকা ও মেসার্স এম আর ট্রেডিংয়ের অনুকূলে ৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখা থেকে ঋণ নিয়েছেন। তিনটি কোম্পানিই ভুয়া।