কালাইয়ে পানির দামে বিক্রি হচ্ছে দুধ!

জয়পুরহাটের কালাইয়ে পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে পানির দরে গরুর দুধ বিক্রি হচ্ছে। এতে করে শতাধিক দুধ খামারিরা দিনের পর দিন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
সরেজমিনে দেখা গেছে, কালাই পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে শতাধিক গরুর দুধ খামারিরা হাট-বাজারে পানির দামে হাজার হাজার লিটার গরুর দুধ বিক্রি করছেন। বর্তমান উপজেলার বিভিন্ন হাট-বাজারে এক লিটার গরুর দুধ ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন নামি-দামি ফুড কোম্পানির এক লিটার বোতলজাত পানির (মাম, জীবন, স্পা, প্রাণ) দাম ১৮ থেকে ২০ টাকা। পানির দরে গরুর দুধ বিক্রি হওয়ায় শত শত দুধ খামারিরা দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন।
 

এ ব্যাপারে উপজেলা ইমামপুর গ্রামে গরুর দুধ খামারি মাফুজুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমার বাড়িতে  চারটি বিদেশি জাতের গাভী আছে, এর মধ্যে দুটি গাভী প্রতিদিন ১৪ থেকে ১৬ লিটার দুধ দেয়, কিন্তু বর্তমান বাজারে দুধের ক্রেতা তেমন না থাকায় গরুর দুধের দাম খুব কম। আর বাজারে গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দুধ বিক্রি করে গো-খাদ্যের দাম হচ্ছে না। এতে করে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’