স্টেডিয়ামে তাণ্ডবের জন্য জরিমানার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। ইংল্যান্ডের উগ্র সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়েছে। এবার উয়েফার শাস্তির মুখে পড়ল ক্রোয়েশিয়াও। তাদের এক লাখ ইউরো জরিমানা করল উয়েফা।
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় ঘটনার সূত্রপাত। ম্যাচের দ্বিতীয়ার্ধে তখন ক্রোয়েশিয়া ২-১ গোলে এগিয়ে। হঠাৎ স্টেডিয়াম থেকে রকেট, শেল পড়তে থাকে মাঠের মধ্যে। ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে রেফারি আর ঝুঁকি নেননি। সবাইকে মাঠ থেকে বাইরে নিয়ে যান। যার জন্য খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। ঘটনার পরপরই উয়েফার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে হবে ক্রোয়েশিয়াকে। মঙ্গলবার মোডরিচদের দলের শাস্তি ঘোষণা করা হল।
তবে ক্রোয়েশিয়াকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে উয়েফা। মোডরিচদের শেষ ম্যাচ স্পেনের বিরুদ্ধে। আর সেই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। সেই কারণেই শাস্তি পিছিয়ে গেছে।