মুরাদনগরে ছাত্রীকে উত্যক্ত : যুবকের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করায় এক যুবককে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার বিকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হৃদয় (২৪) নামে এক বখাটেকে ৩ মাসের জেল প্রদান করেন। তিনি উপজেলার জাহাপুর উত্তর পাড়া গ্রামের মৃত ওয়াছেক মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শী জানায়, হৃদয় জাহাপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করত। মঙ্গলবার স্কুল থেকে আসার পথে ওই ছাত্রীর ব্যাগ টেনে ধরে পিছন থেকে ফেলে দিলে ওই ছাত্রী চিৎকার দেয়। এ সময় হৃদয় ছাত্রীর মুখ চেপে ধরলে স্থানীয়রা এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। হৃদয়কে মুরাদনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়।
 
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী বলেন, স্বাক্ষ্যপ্রমাণ ও বখাটে হৃদয়ের স্বীকারুত্তিতে তাকে তিন মাসের জেল দেয়া হয়েছে।