নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মোবাইল অ্যাপস: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপস উদ্বোধন করা হবে।'
 
তিনি আরো বলেন, 'কর্মজীবী মায়ের শিশুর সেবা প্রদানে বেসরকারি ব্যবস্থাপনায় ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা এবং বাল্যবিয়ে প্রতিরোধে বাল্যবিয়ে নিরোধ আইন এ বছরের মধ্যে চূড়ান্ত করা হবে।' মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 
এ সময় প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমও তুলে ধরে বলেন, 'নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক প্রতিকার পেতে মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। শিগগিরই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা। অনেক সময় ঘটনা ঘটার সময় প্রয়োজনীয় সাহায্য চাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধ প্রমাণ করা দুঃসাধ্য হয়ে ওঠে। এসব সমস্যার সমাধানে স্মার্ট ফোনে ব্যবহারযোগ্য 'জয়: নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি আইসিটি ভিত্তিক টুল' নামের মোবাইল অ্যাপস করা হয়েছে।
 
চুমকি বলেন, 'যদি কোনো নারী নির্যাতনের শিকার হতে যাচ্ছেন অথবা হয়েছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মোবাইলের অ্যাপস স্পর্শ করতে হবে। অ্যাপসে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের ঠিকানাসহ বিপদ সংকেতের সংক্ষিপ্ত বার্তা পৌঁছে যাবে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর, সংশ্লিষ্ট থানা, নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পনাইন সেন্টার (১০৯২১) এবং পুলিশ কন্ট্রোল রুমে।'
 
তিনি বলেন, এই অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে আলাপচারিতা সংরক্ষণ করবে। নির্দিষ্ট সময় পরপর ছবিও তুলবে এবং মোবাইলে তা সংরক্ষিত হবে। স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল হেল্পনাইন সেন্টারের সার্ভারে প্রেরিত হবে। নারীর নিরাপত্তা ও অধিকার সম্পর্কিত তথ্য বাংলা ও ইংরেজিতে এই অ্যাপসে দেওয়া থাকবে বলেও প্রতিমন্ত্রী জানান।
 
প্রেস ব্রিফিংয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড আবুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খবর- বাসস।