প্রিমিয়ার হকি সুপারলিগে মোহামেডানকে হারালো আবাহনী

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সুপার সিক্স রাউন্ডে মোহামেডানের বিপক্ষে জয় পেল আবাহনী লিমিটেড।  মঙ্গলবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে মোহামেডানকে ৪-২ গোলে হারায় আকাশী-হলুদরা।
 
প্রথমার্ধের ১৫ মিনিটে কাসিফ আলীর পেনাল্টি গোলে ১-০ তে এগিয়ে যায় আবাহনী।  এর ঠিক ৭ মিনিট পরে রাজীব দাসের গোল খেলায় ২-০ তে এগিয়ে দেয় আবাহনীকে।
 
শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচের বাকি সময় খেলায় ফিরতে আপ্রাণ চেষ্টা করেও না পেরে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান। ৪৩ মিনিটে জিমির ফিল্ড গোল খেলায় ২-১ এ ব্যবধান কমায়।  তবে সেটা খুব বেশিক্ষণ নিজেদের দখলে রাখতে পারেনি সাদাকালো শিবির।  ৪৮ মিনিটে শফিক রাসুলের ফিল্ড গোল বাবাহনীকে ৩-১ এর লিড এনে দেয়।
 
শফিক ম্যাচে ব্যবধান বাড়ালেও ৫৮ মিনিট মোহামেডানের ইমরান পেনাল্টির মাধ্যমে স্কোর লাইন ৩-২ এ নিয়ে আসেন। এই ব্যবধানটিও শেষ পর্যন্ত মোহামেডান ধরে রাখতে পারেনি।
 
৬১ মিনিটে রাজিব দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের জালে বল জড়ালে আবাহনী ৪-২ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে।