সুপার সিক্সের পঞ্চম রাউন্ড দিয়ে শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের (ডিপিএল) চলমান আসর। তবে এখনো সুরাহা হয়নি অবশ্য আবাহনী ও প্রাইম দোলেশ্বর ম্যাচের। বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
সুপার সিক্সের পঞ্চম ও শেষ রাউন্ডে মাঠে নামছে ছ’টি দলই। এই রাউন্ডেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। কারণ, তিনটি দলে- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ম্যাচের ফলাফল ওপর নির্ভর করছে শিরোপা। এবারের আসরের শিরোপা দৌঁড়ে বর্তমানে শক্তপোক্তভাবে টিকে আছে আবাহনী, রুপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী। ১৪ খেলায় অংশ নিয়ে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। পঞ্চম রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৫ খেলায় তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
১৫ খেলায় ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। পঞ্চম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ১৪ খেলায় ১৮ পয়েন্ট রয়েছে দোলেশ্বরের। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে।
উপরের দু’টি ম্যাচই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই দিনের অন্য গুরুত্বহীন ম্যাচে লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দু’দলের শিরোপা জয়ের কোন সম্ভাবনাই নেই। ১৫ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভিক্টোরিয়া। আর সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মোহামেডান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া ও মোহামেডানের ম্যাচ। পঞ্চম রাউন্ডের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।