কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুইয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঢালুয়া বাজারে সিএনজি স্ট্যান্ডের চাঁদা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উপজেলার ঢালুয়া বাজারে ঘটনাটি ঘটেছে। এসময় আবু বক্কর ছিদ্দিক আবু নামে অপর একজন আহত হয়েছে।
গুরুতর আহত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়াকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ইউপি সদস্য অহিদুর রহমানকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া সি এন জি অটোরিক্সার ড্রাইভারদেরকে নিয়ে ঢালুয়া বাজারে তার ব্যাক্তিগত অফিসে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি সিএনজিঅটো রিক্সার ড্রাইভারদেকের কোন প্রকার চাঁদা না দিতে নিষেধ করেন। পরে তিনি বিকেলে আবারো ঢালুয়া বাজারের মাওলানা রফিকুল ইসলামের দোকানে বসলে, ইউপি সদস্য অহিদুর রহমান ও জনির নেতৃত্বে ৪/৫জনের একটি গ্রুপ অতর্কিতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়ার মাথায় এবং পায়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।