আবারো রাকা শহরের গুরুত্বপূর্ণ অংশ আইএসের দখলে

 
আবারো আইএস দখল করে নিয়েছে সিরিয়ার রাকা শহরের গুরুত্বপূর্ন কিছু অংশ। আইএসের আক্রমণে পিছু হঠতে বাধ্য হয়েছে সিরিয়ার সরকার সমর্থিক বাহিনী। সম্প্রতি বাসার আল-আসাদ বাহিনীর কাছে রাকা শহরের উত্তরাঞ্চলের দখল হারিয়েছিল আইএস।
 
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, বাসার বাহিনীকে তাবকা থেকে ৪০ কি.মি. পেছনে হটাতে সক্ষম হয়েছে আইএস। সেখানে একটি বাঁধ ও একটি বিমানঘাঁটি রয়েছে। এর আগে রবিবার এক খবরে বলা হয়, সরকারি বাহিনী ওই বিমান ঘাঁটির ৭ কি.মি.-এর মধ্যে অবস্থান নিতে সক্ষম হয়।
 
তাবকা বিমানঘাঁটি সরকারি বাহিনীর সর্বশেষ ঘাঁটি, যেটি রাকা প্রদেশে অবস্থিত। ২০১৪ সালের আগস্ট মাসে আইএস ওই অঞ্চল দখল করে নেয়। আইএস’র ভিডিওতে দেখানো হয়, সেই সময় আসাদ বাহিনীর আটক হওয়া সেনা সদস্য সবাইকে হত্যা করেছে তারা।
 
আইএস'র তথাকথিত বার্তা সংস্থা 'আমাক' জানায়, রবিবার আসাদ বাহিনীর হাতে দখল হওয়া থারওয়া তেলক্ষেত্রটিও তারা পুনরায় দখল করতে সক্ষম হয়েছে। এর আগে সিএনএন জানিয়েছিল, যুদ্ধে হেরে যাচ্ছে আইএস। কিন্তু আইএসের এই নতুন আক্রমণ রাকায় তাদের শক্ত অবস্থানের বিষয়টি আরো নিশ্চিত করল। আল-জাজিরা।