টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা কাউন্সিলর শহিদুর রহমান শিপন ও তার স্ত্রীসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার শহিদুর রহমান শিপন (৪২), তার স্ত্রী শ্যামলী (২৭) এবং গাড়ি চালক মিনহাজ উদ্দিন (৪০)।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ওই মহাসড়কে বাইমাইলের চেকপোস্ট এলাকায় রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলগামী একটি ব্যক্তিগত গাড়িকে থামার সঙ্কেত দেয়া হয়। সিগন্যাল ওভারটেক করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে গাড়িটি থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচ শ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক শহিদুর রহমান শিপন নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছে।