গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শামীম মিয়া (৩০) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর বাজারের (পশ্চিমপাড়া) মোতাল্লেব হোসেনের ছেলে।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব এ দণ্ডাদেশ প্রদান করেন।
পুলিশ জানায়, শামীম নেশার টাকা না পেলে প্রায়ই তার মাকে নানাভাবে অত্যাচার করতেন। অতিষ্ঠ হয়ে মা আনোয়ারা বেওয়া সম্প্রতি ইউএনওকে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার দুপুরে মিরপুর হাইস্কুল মাঠ থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে ছয় পিস ইয়াবা পাওয়া যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিকালেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।