চুক্তির শর্ত অনুযায়ী জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদের চেনা আঙিনায় ফিরছেন আলভারো মোরাতা। তবে স্পেনের এই উঠতি ফরোয়ার্ডে আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে দলটির হয়ে খেলবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বাই-ব্যাক ক্লজে (বিক্রির পর পুনরায় ক্রয়ের শর্ত) ২০১৪ সালে রিয়াল থেকে জুভেন্টাসে যোগ দেন মোরাতা। ইতালির শীর্ষ লিগের দলটির হয়ে ৯৩ ম্যাচে ২৭ গোল করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রান্সে চলা ইউরো চ্যাম্পিয়নশিপেও আলো ছড়াচ্ছেন তিনি। ক্রোয়েশিয়ার কাছে সব শেষ হেরে যাওয়া ম্যাচে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন মোরাতাই। ম্যাচটি ২-১ ব্যবধানে হারলেও সেরা ষোলোয় উঠছে প্রতিযোগিতাটির শিরোপাধারীরা। আগের ম্যাচে তুরস্কের জালে জোড়া গোল করেন তিনি।
মোরাতাকে জুভেন্টাস থেকে ফেরত চেয়ে পাঠানো কথা জানিয়ে রিয়াল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলে, মোরাতা জিনেদিন জিদানের অধীনে চলা প্রাক মৌসুমের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেবে।
মোরাতার নতুন চুক্তি নিয়ে রিয়াল অবশ্য কিছু জানায়নি। এ কারণেই তার জিদানের অধীনে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ধারণা করা হচ্ছে, আগামী দলবদলে উঠতি এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল আর্সেনাল ও চেলসি এবং রিয়ালও চাইছে সুযোগ কাজে লাগিয়ে মোটা অঙ্ক পকেটে পুরতে। গোল.কম।