৬ রঙের চমক নিয়ে ধ্রুব গুহ

 
উদ্যোগটি বাংলাদেশের মিউজিকে এটাই প্রথম। শিল্পী ধ্রুব গুহ প্রথমবারের মতো ৬ টি গান ৬ টি রঙের ভিডিওতে সাজালেন। এর আগে তার ‘যে পাখি ঘর বোঝে না’ শীর্ষক গানটি ইউটিউব ভিউয়ার্সে রেকর্ড গড়েছে। নিজের গানের ক্ষেত্রে শিল্পী ধ্রুব গুহ তাই নিজস্ব ছন্দে নান্দনিক ভাবেই এগুতে চান। সেই লক্ষেই এবারে ৬ টি বর্ণিল রঙে সাজানো ৬ টি ভিডিও উপহার দিলেন তিনি তার শ্রোতা-দর্শকদের।
 
 গতকাল শিল্পীর নিজস্ব চ্যানেলে একসাথেই এই ৬ টি গানের ভিডিও রিলিজ হচ্ছে। এই উদ্যোগ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘সব সময় খানিক ব্যতিক্রমী পথেই হাঁটার চেষ্টা করেছি। শ্রোতা-দর্শকদের সাপোর্ট ও ভালোবাসা সেই হাঁটা পথকে আমার প্রসারিত করেছে। নয়তো প্রায় ২ বছর আগে আমার সলো অ্যালবামের গানগুলো নিয়েই চর্চা করতাম না। কারণ এখন দৃশ্যায়নের যুগ। এখন শ্রোতারা তার প্রিয় শিল্পীর গান দেখতে চায় পাশাপাশি আরো খানিক সরাসরি শিল্পী সান্নিধ্যে থাকতে চায়। সেই চর্চা থেকেই এবারে আমি আমার অ্যালবামের ৬ টি গান ঈদ উপহার হিসেবে রিলিজ দিলাম। আর এই নান্দনিক ভিডিওগুলি নির্মান করেছেন মেধাবী নির্মাতা শুভব্রত সরকার। আমি এই গানগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই আমার ইউটিউব চ্যানেলে ক্যাম্পেইন করে আসছিলাম। শ্রোতাদের কাছ থেকে তখন থেকেই ব্যপক কৌতুহল লক্ষ করেছি। তা থেকেই অনুপ্রাণিত হয়ে একসাথে রিলিজের প্ল্যান করা।’
 
IMGO
উল্লেখ্য,  ২০১৪ সালের শেষের দিকে প্রকাশিত হয় শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’। এই অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মান করেন তিনি। ভিডিও দুটি রিলিজের সাথে সাথেই ইউটিউবে ব্যপক আলোচিত ও প্রশংসিত হয়। এর ভেতরে অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘শুধু তোমার জন্য’ গত বছরের শুরুতে এবং অন্যটি ‘যে পাখি ঘর বোঝে না’ গত বছরের মাঝামাঝিতে ইউটিউবে প্রকাশ করেন তিনি। তুমুল জনপ্রিয়তার পাবার পর অ্যালবামের বাকি গানগুলো ভিজ্যুয়াল রিলিজের পরিকল্পনাতেই এই ৬ টি গান প্রকাশ পেলো। 
 
নতুন গানের খবর প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। এছাড়া সঙ্গীত নিয়ে আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে। সেই লক্ষেই ধ্রুব মিউজিক স্টেশন নামে নতুন যাত্রা সূচনা।’
উল্লেখ্য, এরই ভেতরে ধ্রুব গুহ দুটি চলচ্চিত্রের গানের পাশাপাশি নতুন একক অ্যালবামের গানের রেকর্ডিং করেছেন। যেখানে শিল্পীর সাথে কন্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত গায়িকারা।