একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরী ২৫০-৩০০ টাকা। রংপুরের মিঠাপুকুরে একজন শ্রমিকের মজুরী মেটাতে ৩ মন পটল বিক্রি করতে হচ্ছে কৃষকদের। বর্তমানে উপজেলার বিভিন্ন হাট বাজারে পাইকারী প্রতিমন পটল ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মৌসুমের শুরুতে প্রতি মন পটল ৯শ-১ হাজার ২শ টাকা দরে বিক্রি হয়েছে। আমদানি বেশি হওয়ায় বর্তমানে প্রতিমন ৭০-৮০ টাকা দরে পটল বেচাকেনা চলছে। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঢলারপাড়া গ্রামের কৃষক সেরাজুল ইসলাম সেলিম বলেন, আমি প্রতিমন পটল ৯০০ টাকা দরে বিক্রি শুরু করি। সর্বশেষ বিক্রি করেছি প্রতিমন ৮০ টাকা দরে।
মিঠাপুকুর বাজারের খুচরা ব্যবসায়ি নুর ইসলাম বলেন, প্রতিকেজি পটল ২ টাকা দরে কিনে ৩ টাকায় বিক্রি করছি। অর্থাৎ, একজন শ্রমিকের বেতন প্রদান করতে হলে কৃষককে ৩ থেকে সাড়ে ৩ মন পটল বিক্রি করতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম বলেন, উৎপাদন বেশি হওয়ায় বাজারে প্রচুর পরিমানে পটল সরবরাহ হচ্ছে। এরফলে দাম কমেছে।