সিরাজুল ইসলাম চৌধুরীর ৮০তম জন্মদিন আজ

 
প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীর ৮০তম জন্মদিন আজ। সিরাজুল ইসলাম চৌধুরী একজন লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক। মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ে সোচ্চার কণ্ঠস্বর। আন্দোলনের পুরোধা, প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ তিনি তাদের অন্যতম। নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৮০-এর দশকে জনপ্রিয় কলাম ‘গাছপাথর’-এর লেখক। ছদ্মনামে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে এ সাপ্তাহিক প্রতিবেদন লিখে খ্যাতি অর্জন করেন। তিনি ২৩ জুন, ১৯৩৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন মুন্সীগঞ্জের বাড়ৈখালীতে। তার বাবার নাম হাফিজ উদ্দিন চৌধুরী ও মা আসিয়া খাতুন।
 
সারাজীবনে শিক্ষকতা আর লেখা এই ছিল তার ধ্যান-জ্ঞান। এ পর্যন্ত তার ৫০টির অধিক পুস্তক প্রকাশিত হয়েছে। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : লেখক সংঘ পুরস্কার , বাংলা একাডেমি পুরস্কার, আবদুর রহমান চৌধুরী পদক; ঢাকা বিশ্ববিদ্যালয়, লেখিকা সংঘ পদক, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, অলক্ত সাহিত্য পুরস্কার, একুশে পদক, আবদুল রউফ চৌধুরী পুরস্কার, ঋষিজ পদক (২০০২) প্রভৃতি।