মেহেরপুরের গাংনী উপজেলায় গরু ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাইচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আমতৈল গ্রামের মহিবুল ইসলাম (৩৮), আব্বাছ আলী (২৪) ও তার ভাই আব্দুল মোমিন (২২) এবং হেমায়েতপুর গ্রামের আব্বাছ আলী (৪২)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভোলাডাঙ্গা ও আমতৈল গ্রামের মাঠে গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় কয়েকজন ছিনতাইকারী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁকা জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলা জেল হাজতে পাঠানো হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী।