যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার আরোহী নিহত

যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত। এ ঘটনায় আহত হয়ে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চয়ন দাস (১২), তার ঠাকুর মা জয়া রানী দাস (৫৫), রেজাউল করিম (৩৮) ও প্রাইভেটকার চালক আবদুল হাকিম (৩২)। আহত দিপিকা রাণী সরকার চয়নের মা।
 
কেশবপুর উপজেলার খতিয়াখালী গ্রামের চিত্তরঞ্জন দাস জানান, তার ভাই নিত্যরঞ্জন দাসের পরিবারের সদস্যরা যশোর সদর উপজেলার তীরের হাত গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যায়। ফেরার পথে এ ঘটনা ঘটে।
 
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি মথুরাপুর রেলক্রসিংয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সব আরোহীই হতাহত হন। এদের মধ্যে চালকও রয়েছেন। সূত্রটি দাবি করে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনটি লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। অপর লাশটি ঘটনাস্থলে রয়েছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।