শাহজালালে বৈদেশিক মুদ্রা উদ্ধার, গ্রেফতার ২

 
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারকালে মালয়েশিয়াগামী দুই বাংলাদেশি যাত্রীকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে। 
 
আটককৃতরা হচ্ছে- সমর উদ্দিন (৪১) ও মোহাম্মদ ইসমাইল (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার কেরাণীগঞ্জে। 
 
এপিবিএন পুলিশ বুধবার দিবাগত রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর বর্হিগমন গেট এলাকা থেকে এই বৈদেশিক মুদ্রা আটক করে। 
 
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার আজ বৃহস্পতিবার সকালে মুদ্রা আটকের খবরটি নিশ্চিত করেছেন।
 
তানজিনা আক্তার জানান, ঢাকার কেরাণীগঞ্জ থানার বাসিন্দা সমর উদ্দিন (৪১) ও মোহাম্মদ ইসমাইল (৩১) বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় তারা উভয়েই বিমানবন্দরের ৩ নম্বর বর্হিগমন গেট এলাকা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তাদের গতিবিধি সন্দেহ করা হয়। 
 
এপিবিএন পুলিশ কর্মকর্তারা যাত্রী সমর উদ্দিন ও মোহাম্মদ ইসমাইলের শরীর ও পায়ের জুতার সোলের ভেতরে ১ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বান্ডিলসহ তাদেরকে গ্রেফতার করে। 
 
আটককৃত যাত্রী সমর উদ্দিন ও মোহাম্মদ ইসমাইরের বুধবার দিবাগত রাতে বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি-০৮৬) মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। আটক হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল, কাতারের রিয়াল, আরব আমিরাতের দিরহাম ও মালয়েশিয়ান রিংগিত। 
 
এপিবিএন অফিস সূত্র জানায়, আটককৃত দুই ব্যক্তি বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আটককৃত মুদ্রাগুলো কাস্টমসের কাছে জমা দেয়া হয়েছে। 
 
এ ঘটনায় এপিবিএন পুলিশের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা পাচার আইনে আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।-বাসস