রাজধানীতে ফিল্মি-স্টাইলে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই

রাজধানীর হাজারীবাগে ফিল্মি-স্টাইলে প্রাইভেটকারে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘ্টনায় সাইফুল ইসলাম মুরাদ নামে (৩৫) এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
 
বৃহস্পতিবার ‍দুপুর একটায় হাজারীবাগের গ্লাস ফ্যাক্টরি মোড়ে এ ঘটনা ঘটে।
 
আহত সাইফুল ইসলাম জানান, তিনি সাভারের একটি এনজিও’র ব্যবস্থাপক। ওই প্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকা প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিলেন। গ্লাস ফ্যাক্টরি মোড়ে দুই পাশ থেকে দুইটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী প্রাইভেটকারটির গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা প্রাইভেটকারটিকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে বাম পাশের দরজার কাচ ভেঙ্গে যায়। তারপর ছিনতাইকারী তাকে লক্ষ্য করে দুই রাউণ্ড গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে ছিনতাইকারীরা ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
 
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাফিউর রহমান বলেন, ‘বেশি টাকা বহন করলে পুলিশি নিরাপত্তা নেয়ার নির্দেশনা দেয়া আছে। মনে হয় গাড়িতে করে টাকা পরিবহণের বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতো। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’