ঝিনাইদহে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি, র্যাব-৬-এর কমান্ডিং অফিসার ও ৫ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেন, ‘খুলনা বিভাগের ১০ জেলার মানুষ কে কি করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কোথায়, আত্মীয় স্বজন কারা, সব খবরই আমাদের জানা আছে। আনসার উল্লাহ বাংলা টিম, হিজবুত তাওহিদ, জেএমবি, যে নামেই আপনারা এ অঞ্চলের মানুষকে হত্যা করেন না কেন, আপনাদের মূল কিন্তু জামায়াত-শিবির। আপনাদের আমরা চিনে ফেলেছি। আর এক ফোটা রক্ত যদি বাংলাদেশের মাটিতে ঝরে তাহলে আমরা জানি কিভাবে এর প্রতিশোধ নিতে হয়। যারা আনন্দ গোপালে গাঙ্গুলীর মত নিরীহ পুরোহিতকে হত্যা করে তারা নরপশু।’
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার খোন্দকার রফিকুল ইসলাম বলেন, শহরে নগরে প্রতিরোধ কমিটি গঠন করে গণশত্রুদের প্রতিহত করা হবে।
সমাবেশ থেকে প্রতি ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠন করা হয়। তাদের হাতে লাঠি বাঁশি তুলে দেয়া হয়। সমাবেশে ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কালীগঞ্জ পৌর মেয়র মকছেদ আলি, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রাশিদুল আলম, মাগুরার পুলিশ সুপার এ কে এম আহসান উল্লাহ, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।