অন্যান্য স্থানের মতো বন্দর নগরী চট্টগ্রামে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে দলের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আওয়ামী লীগের চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা ইউনিট এবং অঙ্গসংগঠনগুলো সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
দারুলফজল মার্কেটে নগর আওয়ামী লীগ অফিস থেকে র্যালি শুরু হয় এবং শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মী প্ল্যাকার্ড, ব্যানার, বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে র্যালিতে অংশ নেয়। তারা ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে এবং শান্তি ও অগ্রগতির পক্ষে শ্লোগান দেয়।
অপরদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রিমা কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সাবেক সিটি মেয়র এবং নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরী, বদিউল আলম এবং অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য রাখেন।
এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। জীবনব্যাপী আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনেছেন। স্বার্থান্বেষী মহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে ইতিহাসের কালো অধ্যায়ের সূচনা ঘটায়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে এনেছেন।'
সকালে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মীর উপস্থিতিতে দারুলফজল মার্কেটে নগর আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুপুরে আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং কেক কাটে। খবর- বাসস।