ডাক্তারের ভুল চিকিৎসায় সেলিনা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে নওয়াপাড়ায় অবস্থিত ডক্টরস ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে রোগীর স্বজনরা ওই ডাক্তারের কিনিক ভাঙচুর করেছে।
জানা গেছে, অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের শামসুর রহমানের স্ত্রী সেলিনা বেগম জরায়ু সমস্যা নিয়ে বুধবার দুপুরে ডক্টরস কিনিকের মালিক ডাক্তার আবদুল গফফারের কাছে গেলে সেলিনা বেগমকে ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ক্লিনিকে ভর্তির বিকালেই ডাক্তার আবদুল গফফার সেলিনা বেগমের অপারেশন শুরু করেন। অপারেশন চলাকালীন সেলিনা বেগম মারা যান। বিষয়টি ডাক্তার আবদুল গফফার রোগীর স্বজনদের না জানিয়ে সরে পড়েন। রোগীর স্বজনরা দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের সন্দেহ হলে সন্ধ্যার পর অপারেশন থিয়েটারে গিয়ে সেলিনাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় স্বজনসহ উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ক্লিনিকের জানালা দরজা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান- গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।