হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৫০০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত সিগারেটগুলো মন্ড, ডানহিল, বেনসন্স, ইজি ব্র্যান্ডের। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এ যাবত্ কালের সবচেয়ে বড় সিগারেটের চালান এটি। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
অপর দিকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বুধবার রাতে ১ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারকালে মালয়েশিয়াগামী ২ জন বাংলাদেশি যাত্রীকে গ্রেফতার করেছে। আটক হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল, কাতারের রিয়াল, আরব আমিরাতের দিরহাম ও মালয়েশিয়ান রিংগিত।
ড. মইনুল খান জানান, বৃহস্পতিবার সকালে মধ্য প্রাচ্য থেকে আসা ৩টি ফ্লাইট থেকে ২৫০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শাহজালালে এটি সাম্প্রতাকি সিগারেট আটকের সবচেয়ে বড় চালান। এর মধ্যে এয়ার এরাবিয়ার (জি৯-৫২৩) ফ্লাইটে ১৭৪০ কার্টন ও বাকিগুলো কাতার এয়ারের (কিউআর২৮৩) ফ্লাইটে ঢাকায় আসে। এসব সিগারেট আমদানি নীতি আদেশ ভঙ্গ করে আনা হয়েছিল। সিগারেটের উপর ৬০২ শতাংশ শুল্ক আরোপযোগ্য হওয়ায় এতে শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়।