বিকেএসপিতে প্রমীলাদের জন্য বিশেষ দিন

ইন্টারন্যাশনাল সার্ভিস ডে’ উপলক্ষে আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী প্রমীলা ক্রিকেট ও ফুটবল খেলা।
 
বৃহস্পতিবার দুপুরে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান ইনডোর স্পোর্টস এরিনাতে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।
 
বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ স্বীকৃত এ দিবসটি পালন করছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। 
 
দিবসটি উপলক্ষে বিকেএসপির প্রমীলা ক্রিকেট দলের সঙ্গে আমন্ত্রিত প্রমীলা ক্রিকেট একাদশ এবং বিকেএসপি প্রমীলা ফুটবল একাদশের সঙ্গে জাতীয় প্রমীলা অনূর্ধ্ব-১৬ ফুটবল একাদশের খেলার আয়োজন করা হয়। খেলায় বিকেএসপি প্রমীলা ক্রিকেট একাদশ ১০ উইকেটে আমন্ত্রিত প্রমীলা ক্রিকেট একাদশকে পরাজিত করে। অপরদিকে ফুটবলে বিকেএসপি ও জাতীয় প্রমীলা অনূর্ধ্ব-১৬ দলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয় ।
 
খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক।