মেডিটেশন বা ধ্যানে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন মেডিটেশন চর্চাকারীরা। সম্প্রতি সংসদ সদস্য, অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে এ সংক্রান্ত এক চিঠি পাঠিয়ে মেডিটেশন সেবাকে ভ্যাটের আওতামুক্ত রাখার যুক্তি তুলে ধরে এ সেবাকে স্থায়ীভাবে ভ্যাট অব্যাহতির তালিকায় রাখার আহ্বানও জানানো হয়।
প্রস্তাবিত বাজেটে ধ্যান বা মেডিটেশনের অব্যাহতি তুলে নেয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। ফলে শৃঙ্খলা ও শান্তিপ্রিয় জনগণকে এখন থেকে মেডিটেশন করতে হলে কর দিতে হবে। অর্থাত্ এ জন্য গুণতে হবে বাড়তি অর্থ। অথচ অর্থমন্ত্রী নিজেই ২০১৪ সালে ঘোষিত বাজেটে মেডিটেশন সেবাকে ভ্যাটের আওতামুক্ত করার ঘোষণা দেন।
ওই বক্তৃতায় তিনি বলেন, মেডিটেশন সেবা গ্রহণ করে হতাশাগ্রস্ত অনেক মানসিক ও শারীরিক ব্যাধিগ্রস্ত মানুষ মুক্তির প্রয়াস পায়। সে জন্য এ সেবার উপর প্রযোজ্য কর প্রত্যাহারের প্রস্তাব করছি। গত বাজেটে ওই প্রত্যাহার তুলে নেয়ার প্রস্তাবকালে অবশ্য অর্থমন্ত্রী কোন বক্তব্য দেন নি। মেডিটেশন বা ধ্যানের উপর ভ্যাট আরোপ করায় ইতিমধ্যে অনেকেই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।