খুলনায় প্রকাশ্য দিবালোকে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জোড়াগেটস্থ ৭ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে নগরীর ময়লাপোতা মোড়স্থ সন্ধ্যা বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংক থেকে খান ট্রান্সপোর্টের ম্যানেজার মো. ফাইয়াজ খান ও ক্যাশিয়ার আব্দুল হালিম ৭ লাখ ৯৪ হাজার টাকা তুলে মোটরসাইকেলে দৌলতপুরে নিজ প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। তারা জোড়াগেটস্থ ৭ নম্বর ঘাট এলাকায় পৌঁছালে সামনে এবং পেছন থেকে দুটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এ সময় রামদা ও চাপাতি বের করে আঘাত করলে ম্যানেজার ও ক্যাশিয়ার গাড়িসহ পড়ে যায়। এ সময় তারা ক্যাশিয়ারের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে খালিশপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান খান ট্রান্সপোর্টের ম্যানেজার মো. ফাইয়াজ খান।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী বলেন, এ ঘটনায় খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।