প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, আমেরিকার মতো দেশেও প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এদেশের বিচার বিভাগ অনেক ভাল। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের প্রশ্নে কোন আপস করা হবে না। শেষ রক্ত বিন্দু থাকতে এটি লংঘন করতে কাউকে দেয়া হবে না। তিনি বলেন, অর্থ দিয়ে কোনো দেশকে বড় হিসেবে বিবেচনা করা যায় না, আইনের শাসন যেখানে বিদ্যমান সে দেশকেই মর্যাদায় এগিয়ে রাখা হয়। দেশকে এগিয়ে নিতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভবনে বৃহস্পতিবার বিকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আমার দেশে আমি মনে করবো আমি বেশ সহযোগিতা পাচ্ছি। অনেক সময় আমরা যা চাই, তা সরকার দিতে পারে না। আবার সরকার যা চায় আমাদের পক্ষে তার সব বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আমাদের এখানেও কিছু সমস্যা রয়েছে। প্রধান বিচারপতি বলেন, সময় মতো আদালতে সাক্ষী না আসার কারণে বিচার প্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন, মামলার জট সৃষ্টি হচ্ছে।
প্রধান বিচারপতি বলেন, কুমিল্লার আদালত পরিদর্শন করতে এসে দেখেছি অনেক পুরাতন মামলা দীর্ঘদিন যাবত্ পড়ে আছে। সাক্ষীর অভাবে এগুলোর বিচারিক কার্যক্রম ঝুলে রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পুলিশ ও পিপিদের সহায়তা করতে হবে। তিনি বলেন, দেশের সভ্যতা বিকাশ হয় বিচার ব্যবস্থার মাধ্যমে। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত হলে দেশ আরো মর্যাদাশীল হবে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ পিন্টু, আ.হ.ম তাইফুর আলম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম ফারুক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম প্রমুখ।