বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ বরিশালের বানারীপাড়া উপজেলায় একজন নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার শাখারিয়া এলাকায় বন্দুকযুদ্ধ হয় বলে জানান বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান।
 
নিহত মো. দুলাল (৩৫) চণ্ডীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
 
জানা গেছে, শাখারিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাত দুলাল ও তার সঙ্গীরা। এই খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। ওই সময় ডাকাতদল গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষে গুলি চলার পর গুলিবিদ্ধ দুলালের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে যায়। 
 
ওসি জানান, লাশের পাশে দুই রাউন্ড গুলিভর্তি দুটি পাইপগান, ছয় রাউন্ড শটগানের গুলি, শাবল, ছুরি, রামদা ও একটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে।
 
দুলালের নামে হত্যা ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।