অবৈধভাবে পরীক্ষা ও প্রক্সি জালিয়াতির অপরাধে দুইজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক পরিচালিত বীজ প্রত্যয়ন এজেন্সির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, মো. এহতেশাম বিল্লাহ ও কামরুল হাসান নামের দুইজন ভুয়া পরিক্ষার্থীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তারা দীর্ঘদিন অর্থের বিনিময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিয়ে আসছিলেন। তাদের প্রত্যেককে ১০দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ইফতেখারুল আমিন বলেন, ‘আইবিএ কর্তৃক পরিচালিত সব ধরণের নিয়োগ পরীক্ষায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভুয়া পরিক্ষার্থী, প্রক্সি, এসএমএস ইত্যাদি জালিয়াতির বিরুদ্ধে বিশেষ টিম কাজ করে অপরাধীদের আইনের আওতায় আনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক এসএম সিরাজুল ইসলাম, ঊপ-পরিচালক (প্রশাসন) ড. আব্দুল আউয়াল মিয়া এবং উপ-পরিচালক (পরিকল্পনা) ড. শুকদেব কুমার দাস, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) হাসান কবীর এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুস্তারী খানম।