স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এই হত্যাকাণ্ডগুলোর সাথে জামায়াত-বিএনপি জড়িত।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ইতিমধ্যেই হত্যাকারীরা ধরা পড়তে শুরু করেছে। আটককৃতদের কাছ থেকে জানা যাচ্ছে হত্যাকাণ্ডের সাথে শিবির, জামায়াত ও বিএনপি জড়িত। এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত জামায়াত বিএনপির মুখোশ খুলে সাধারণ মানুষের কাছে উন্মোচিত করা হবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মন্ত্রী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাফফিলে যোগদান করেন।